রমজানের চাঁদ দেখতে বুধবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এই সভা আয়োজিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সরাসরি তথ্য প্রদানের জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
বুধবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা শুরু করবেন।

















