রমজানকে সম্মান জানিয়ে যুক্তরাজ্যের ২৫ অমুসলিমের রোজা পালন

যুক্তরাজ্যের লুটন সিটি কাউন্সিলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য নজির স্থাপিত হয়েছে। মুসলিম সহকর্মীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এবং রমজানের আত্মসংযমের অভিজ্ঞতা অর্জনে কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর একদিনের প্রতীকী রোজা পালন করেছেন।
গত মঙ্গলবার (৩ মার্চ) তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থেকে এই সংহতি প্রকাশ করেন। দিনব্যাপী উপবাস শেষে সন্ধ্যায় তারা লুটন টাউন হলে একত্রিত হয়ে একটি সম্মিলিত ইফতার মাহফিলে অংশ নেন। এই আয়োজনের বিশেষত্ব ছিল মুসলিম সহকর্মীদের আন্তরিকতা; তারা নিজ নিজ বাসা থেকে হরেক রকমের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করে নিয়ে আসেন এবং সবার সাথে মিলেমিশে ইফতার করেন।
এই মহতী উদ্যোগের আয়োজক এবং লুটন কাউন্সিলের যোগাযোগ বিভাগের প্রধান অ্যাডাম ক্যারানি জানান, কর্মসূচিটি প্রত্যাশার চেয়েও বেশি সাড়া ফেলেছে।
তার মতে, সারাদিন পানাহার থেকে বিরত থাকা ছিল যেমন চ্যালেঞ্জিং, তেমনি এক বিনয় ও সহমর্মিতার অভিজ্ঞতা। এটি অমুসলিম কর্মকর্তাদের মাঝে রমজানের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে। মুসলিম সহকর্মীদের উদার আতিথেয়তাকে তিনি রমজানের প্রকৃত চেতনার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
লুটনের মেয়র এ্যামি নিকোলাস নিজেও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি কর্মকর্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ভিন্ন ধর্ম ও পটভূমির মানুষের মধ্যে শ্রদ্ধা ও উদারতার মাধ্যমে কীভাবে ঐক্য গড়ে তোলা যায়, লুটন কাউন্সিল আজ তার শ্রেষ্ঠ উদাহরণ তৈরি করেছে। কেবল উপবাসের মধ্যেই এই আয়োজন সীমাবদ্ধ ছিল না; অংশগ্রহণকারীরা একটি আন্তর্জাতিক ‘অরফান ভিলেজ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেন, যা সুবিধাবঞ্চিত শিশুদের আবাসন ও শিক্ষা সহায়তায় ব্যয় হবে। মানবিকতা ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লুটন সিটি কাউন্সিল।

















