জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রবিবার (১৭ মে) ভারত থেকে দেশে আসবে। জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ও কারিনার বাবা কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেল ৩টা নাগাদ বিমানযোগে কারিনার মরদেহ ঢাকায় পৌঁছাবে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন কারিনা। পরবর্তীতে তার শরীরে তীব্র সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত মারাত্মক জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও পরে লিভার ট্রান্সপ্লান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।
ধীরে ধীরে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ও নাটকের জগতেও নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। শুধু অভিনয়ই নয়, একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসিত হয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত ও আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’। কারিনার এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনের সহকর্মী, নির্মাতা ও তার লাখো ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।