যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে অস্বচ্ছতার অভিযোগ জাহানারার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এই ক্রিকেটার। জাহানারা আলমের নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ আজ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, বিসিবি গত ৪ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি দিলেও অভিযোগকারী হিসেবে জাহানারা আলমকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে সরবরাহ করা হয়নি।
বিবৃতিতে জানায়, আইনজীবীদের দাবি, যৌন হয়রানি ও অসদাচরণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার জাহানারার থাকলেও বিসিবি তা গোপন রেখেছে। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা স্বস্তি প্রকাশ করলেও স্বচ্ছতার অভাবে তিনি হতাশ। জাহানারার পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে স্পষ্টিকরণ চাওয়া হলে বোর্ড জানিয়েছে, প্রতিবেদনটি বর্তমানে লিগ্যাল টিমের পর্যালোচনাধীন। তবে এটি তাকে দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।
বিসিবির তথ্যমতে, জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে। তবে কোন কোন অভিযোগ প্রমাণিত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি বোর্ড।
বিসিবি দাবি করেছে যে, এই অনুসন্ধান কমিটি কোনো অভিযোগের ভিত্তিতে নয়, বরং নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে জাহানারার আইনজীবীরা জানিয়েছেন, জাহানারা আলমের করা আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতেই এই কমিটি গঠিত হয়েছিল। অভিযোগের গুরুতর প্রকৃতি বিবেচনায় বিসিবির বর্তমান অবস্থানকে ‘প্রতিশোধমূলক’ এবং ‘হতাশাজনক’ বলে অভিহিত করা হয়েছে।

















