যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, ধুঁকছে বিশ্ব অর্থনীতি

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যার ফলে বড় ধরনের অর্থনৈতিক মন্দার কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে সারা বিশ্ব।
হামলার পরপরই বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছে। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর এই চাপ হবে অসহনীয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ইরান এই পথ বন্ধ করার হুমকি দেওয়ায় এরই মধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮২ ডলার ছাড়িয়ে গেছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, পরিস্থিতি শান্ত না হলে তেলের দাম খুব দ্রুত ১০০ থেকে ১২০ ডলারে পৌঁছে যেতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস সতর্ক করে জানিয়েছে, জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগলে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা নেমে আসবে। যদি তেলের দাম এভাবে বাড়তে থাকে, তবে উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত রাষ্ট্রগুলোও বড় ধরনের মন্দার মুখে পড়বে। আপাতত সবার নজর মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এই সংকটের সমাধানই নির্ধারণ করবে আগামীর বৈশ্বিক অর্থনৈতিক ভবিষ্যৎ।
















