যার যার ধর্ম, নির্ভয়ে সে সে পালন করবে: ডিএনসিসি প্রশাসক

দেশের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নবনির্মিত ‘নাট্যমন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম মিল্টন বলেন, “যার যার ধর্ম, নির্ভয়ে সে সে পালন করবে। উগ্রবাদী বা মৌলবাদীরা এমপি হলে দেশের কী অবস্থা হতো তা চিন্তা করেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।” তিনি আরও উল্লেখ করেন যে, অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ ও মন্দিরের বিদ্যমান সব সমস্যা সমাধানে বর্তমানে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্য চলাকালীন রাজনৈতিক অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “জনগণকে যে অঙ্গীকার তারেক রহমান দেন, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উনি বিচলিত থাকেন।” প্রশাসন সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে কাজ করছে বলে তিনি জানান।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি আগামী স্থানীয় নির্বাচনে মেয়র হিসেবে নিজেদের জন্য জনসমর্থন ও ভোট প্রার্থনা করেন। আব্দুস সালাম বলেন, “উত্তরের শফিক আর দক্ষিণে আমি—আমরা বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। যদি ভবিষ্যতে প্রশাসক থেকে জনগণের ভোটে মেয়র হতে পারি, তবে জনসেবা ও উন্নয়নের কাজ আরও বেশি হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের দৃঢ় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

















