কানসাস সিটির গ্যালারিতে বসে মেসির খেলা উপভোগ করছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সাথে তাদের তিন ছেলে থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে তখন চলছে মেসি ম্যাজিক। প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তারা।
ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মেসির জন্য নিজের ভালোবাসা ও মুগ্ধতার প্রকাশ করেন আন্তোনেলা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'চলো আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!'
আন্তোনেলার এই সংক্ষিপ্ত বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। এটি এমন একজন মানুষের অনুভূতি, যিনি মেসির পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে কাছ থেকে তার সংগ্রাম, সাফল্য এবং আবেগের সাক্ষী হয়ে আছেন।
বিশ্বকাপে মেসির পরিবারের উপস্থিতি এখন যেন এক পরিচিত দৃশ্য। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও গ্যালারিতে ছিলেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান। ২০১৮ সালে জন্ম নেওয়া ছোট ছেলে সিরো প্রথমবারের মতো বাবার বিশ্বকাপ যাত্রা দেখেছিল কাতারে। আর এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও পরিবারের সমর্থন পেয়েই শুরু করলেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনাই এনে দেননি মেসি, ছুঁয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও।