মেয়াদ শেষের আগেই আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্র জমা

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই সিদ্ধান্ত নেন। তবে বিকেল পর্যন্ত মন্ত্রণালয় থেকে পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি।
সূত্র জানায়, রোববার সকালে পুলিশ সদর দপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক একটি নিয়মিত সভায় সভাপতিত্ব করেন আইজিপি। ওই সভা চলাকালীনই তিনি উপস্থিত কর্মকর্তাদের কাছে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। যদিও কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, তবে তিনি দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আইজিপির পদত্যাগপত্রটি মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, তবে সরকার এখনই তা গ্রহণ করতে চাইছে না। আগামী মঙ্গলবার দেশে নতুন সরকার শপথ গ্রহণ করার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মন্ত্রণালয় থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুনরায় পদত্যাগপত্র পেশ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২১ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে আইজিপি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ২০২০ সালে অবসরে যাওয়া এই কর্মকর্তার ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন পরবর্তী সময়ে দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি আগে থেকেই ঘনিষ্ঠজনদের আভাস দিয়ে আসছিলেন। এর আগে গত জানুয়ারিতে তিনি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, যা তার পদত্যাগের আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

















