বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এর নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুযায়ী এই নতুন কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে চারজন বিশিষ্ট সংসদ সদস্যকে। তারা হলেন—মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এই পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা ও ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব বাস্তবায়নের পাশাপাশি ট্রাস্টের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। এছাড়া ট্রাস্টের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ, চলমান প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন, নিয়মিত হিসাব নিরীক্ষা এবং ট্রাস্টি বোর্ডের সব সিদ্ধান্ত বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করবে এই কমিটি।