মিলেছে ছাড়পত্র, শিগগিরই বড় পর্দায় আসছে ‘মানুষের বাগান’

সেন্সর সার্টিফিকেট পেল নুরুল আলম আতিকের সিনেমা ‘মানুষের বাগান।’ চলতি বছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পাওয়া প্রথম সিনেমা এটি। রোববার নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এ তথ্য জানিয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, খুব শিগগির বড় পর্দায় ‘মানুষের বাগান’দেখতে পারবেন দর্শকরা।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমার কাহিনী। এতে ‘মানুষের বাগান’শিরোনামে একটি গান করছে ব্যান্ড দল চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ।
সিনেমার পোস্টারে দেখা গেছে, নানা বয়সী মানুষ গোলাকৃতির পৃথিবীকে পেছনে রেখে নিজেদের কাজে ব্যস্ত।
সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

















