ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কিছুই আর বিনামূল্যে গ্রাহকবান্ধব থাকছে না। মেটার সব ধরনের বিশেষ সুবিধা বা প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে এখন থেকে পকেট থেকে গুনতে হবে মাসিক ফি। বিনামূল্যে মেটার সব পরিষেবা আর পাওয়া যাবে না— মার্কিন টেক জায়ান্ট মেটার এমন ঘোষণায় বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। মার্ক জাকারবার্গের সংস্থার এই নতুন সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে মেটার পণ্যপ্রধান নাওমি গ্লাইট তিনটি মাধ্যমে প্রিমিয়াম ফিচার ব্যবহারে পেইড সাবস্ক্রিপশন চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানান, তিনটি প্ল্যাটফর্মের ‘প্লাস’ সংস্করণের সুবিধা পেতেই ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের জন্য প্রতি মাসে ৩.৯৯ ডলার খরচ করতে হবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য প্রতি মাসে গুনতে হবে ২.৯৯ ডলার। তবে বর্তমানে ব্যবহার হওয়া সাধারণ ও বিনামূল্যের অ্যাপ সুবিধাগুলো মেটা আপাতত বন্ধ করছে না।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বাড়তি ফিচার ও প্রিমিয়াম টুলের পরিষেবা নিতে আগ্রহী, মূলত তাদের কথা বিবেচনা করেই এই পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হচ্ছে। এতে শঙ্কার কিছু নেই। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসে থাকবে অত্যাধুনিক অ্যানালিটিকস, রিল বা স্টোরি ইচ্ছামতো কয়েকবার দেখার সুবিধা, প্রোফাইল কাস্টমাইজড করার সুযোগ এবং কনটেন্ট বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার আলাদা প্রিমিয়াম টুল। এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ভক্তদের চাহিদা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে মেটা।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণে ব্যক্তিকেন্দ্রিক প্রিমিয়াম পরিষেবার কথা ভাবা হয়েছে। সেখানে গ্রাহকরা প্রিমিয়াম স্টিকার, কাস্টম অ্যাপ থিম এবং আকর্ষণীয় কিছু রিংটোন ব্যবহারের এক্সক্লুসিভ সুবিধা পাবেন। আগামী দিনে সাবস্ক্রিপশনকেন্দ্রিক আরও বেশ কিছু প্ল্যান চালুর আভাস দেওয়া হয়েছে, যার মধ্যে বিষয়ভিত্তিক ভিডিও বা ছবি, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। সময়ের স্রোতে চলতে কৃত্রিম মেধা প্রযুক্তির পরিকাঠামো তৈরিতে এরই মধ্যে মেটা ১৮ থেকে ২০ হাজার কোটি ডলারের বিশাল বাজেট বরাদ্দ করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই বিপুল বিনিয়োগ এবং নতুন সাবস্ক্রিপশন মডেলের পরিকল্পনা থেকে স্পষ্ট যে, মেটা এখন আর শুধু প্রথাগত বিজ্ঞাপন ব্যবসার মডেলের ওপর নির্ভর না থেকে আয়ের ভিন্ন পথ তৈরি করতে চাইছে।