মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে সুবাং সামরিক বিমানঘাঁটি ব্যবহার করে বিপুল পরিমাণ মাদক পাচার করায় রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সের তিন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
শুক্রবার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে মালয়েশিয়ার প্রচলিত আইনে তাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং বেত্রাঘাতের সাজা হতে পারে।
আদালত ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সুবাং বিমানঘাঁটিতে নিয়মিত লাগেজ তল্লাশির সময় পাঁচটি স্যুটকেস ও একটি বাক্সের ভেতর লুকিয়ে রাখা প্রায় ৯৬ দশমিক ২ কেজি মেথামফেটামিন জব্দ করে কর্তৃপক্ষ। ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৩০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।
এ ঘটনায় বিমানবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্য থেকে শুক্রবার ছয়জনের বিরুদ্ধে দেশটির বিপজ্জনক মাদকদ্রব্য আইনের ৩৯-বি ধারায় অভিযোগ গঠন করা হলো। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
অভিযুক্ত হওয়া বিমানবাহিনীর তিন কর্মকর্তা হলেন- ক্যাপ্টেন মুহাম্মদ আমিরুল ফয়সাল রোসদিন (৩৪), লেফটেন্যান্ট আমির আরিফুদ্দিন আমিনুল্লাহ (৩৩) এবং লেফটেন্যান্ট মুহাম্মদ আরিফ ফৌজান মোহাম্মদ আলি (২৭)।
অভিযুক্ত অপর তিন বেসামরিক নাগরিক হলেন তান সুই সেং (৪৮), নুর হানিস শাফিকাহ মুহাম্মদ আমিন (২৮) এবং আফিফাহ আমদাস (৩৪)। গ্রেফতার হওয়া বাকি সাতজনের মধ্যে বিমানবাহিনীর আরও চার সদস্য ও তিনজন বেসামরিক নাগরিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবাহিনীর অবকাঠামো ও সামরিক বিমান ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মালয়েশিয়ার মূল ভূখণ্ড থেকে বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে এবং পরবর্তীতে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় মাদক পাচার করে আসছিল।
এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টে জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিমানবাহিনীর স্থাপনা ব্যবহার করে মাদক পাচারের অন্তত ২১টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় প্রায় তিন টন মেথামফেটামিন পাচার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৬০ লাখ রিঙ্গিত (প্রায় ৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার)।
স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অখণ্ডতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এই চক্রের মূল হোতাকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেফতারে অভিযানও চলছে।
এদিকে, এ ঘটনার পর শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভা দেশের সাধারণ বিমানবন্দরগুলোর পাশাপাশি সামরিক স্থাপনাগুলোতেও মাদকবিরোধী নজরদারি ও তল্লাশি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।