মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিভিন্ন এমআরটি ও এলআরটি স্টেশনে অন্তত পাঁচজন নারীকে শ্লীলতাহানির অভিযোগে ৪১ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বুধবার (৬ মে) এক বিবৃতিতে কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তিকে গত ২৭ এপ্রিল দুপুর পৌনে ১২টার দিকে মালুরি এমআরটি স্টেশন এলাকা থেকে আটক করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, গ্রেফতার ওই ব্যক্তি চান সো লিন এলআরটি স্টেশন, মালুরি চেরাস এবং তামান মিদাহ এমআরটি স্টেশনে ২১ থেকে ২৮ বছর বয়সি পাঁচজন নারীর সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেছেন।
তদন্ত শেষে গত মঙ্গলবার (৫ মে) অভিযুক্তকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়। আদালতে তার বিরুদ্ধে দেশটির দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।
কুয়ালালামপুর পুলিশ প্রধান ফাদিল মারসুস আরও জানান, মালয়েশীয় আইন অনুযায়ী এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত বা এর যেকোনো দুটি দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।