গাজীপুর মহানগরীর পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবিদাস (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঠিক আগমুহূর্তে তিনি রেললাইনে একটি চিরকুট ফেলে যান, যেখানে লেখা ছিল—‘মিস ইউ অল। আমার ভুলগুলো ক্ষমা করে দিও মা’।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূবাইলের মাঝুখান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুনীল রবিদাস ঢাকার হাজারীবাগ বিডিআর ১ নম্বর গেট এলাকার গণতলী সিটি কলোনির মৃত লাল চন্দ্র রবিদাসের ছেলে। তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ পিয়ন পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুনীল রবিদাস রেললাইন ধরে হাঁটছিলেন। এই সময় একটি ট্রেন আসতে দেখে তিনি প্রথমে লাইনের পাশে নেমে দাঁড়ান। কিন্তু ট্রেনটি একেবারে কাছাকাছি পৌঁছানোমাত্রই তিনি হাতে থাকা একটি চিরকুট লাইনের ওপর ফেলে দিয়ে আচমকা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয়। পরে উপস্থিত লোকজন তাঁর ফেলে যাওয়া চিরকুটটি উদ্ধার করে। সেই চিরকুটে মায়ের কাছে ক্ষমা চাওয়ার বার্তার পাশাপাশি দুটি মোবাইল নম্বরও লেখা ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। তারা এসে লাশ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চিরকুটের উদ্ধৃতি দিয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, চিরকুটের লেখা ও প্রাথমিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে তীব্র ডিপ্রেশন (হতাশা) থেকে সুনীল রবিদাস আত্মহত্যার এই পথ বেছে নিয়েছেন।