মসলার মোড়কের আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি শিশা উদ্ধার করেছে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা। ১১ নভেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডের একটি ভবনে অভিযান চালায়। সেই ভবনে থাকা আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠান থেকে সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করেন তারা। এরপর প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের মোট ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
এর আগে দীর্ঘ দুই মাস ধরে নজরদারি করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারকদের শনাক্ত করে।
এরপর গোয়েন্দারা ক্রেতা সেজে তাদের কাছে ৫ কেজি শিশার অর্ডার দেবার পর এই আমদানির সকল কার্যক্রম মনিটরিং করা হয়। সেই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সাথে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশা জব্দ করা হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানার সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মোঃ শাকিল আহমেদের মাধ্যমে তিনি এসব শিশা সংগ্রহ করেন। তার দেওয়া তথ্যে ১২ নভেম্বর সকালে উত্তরায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ শাকিল আহমেদকে আটক করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করেন তারা।
এরপর শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে (৪৬) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী জানান, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।
আটক হওয়া ব্যক্তিদের মুঠোফোন থেকে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে শিশার ব্যবসা করে আসছেন। এই চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।
এ ঘটনায় সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে। সালমান নিবিড়সহ চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছেন বলে জানান গোয়েন্দারা।
গোয়েন্দারা জানান, উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান করছেন তারা। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।