দুই ম্যাচ খেলার বাইরে থেকে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন ক’দিন আগেও। তবে ‘ধর্মঘট’ থেকে ফিরেই করলেন গোল, জেতালেন দলকে। ম্যাচের ১৮ মিনিটে নিজে গোল করে সৌদি প্রো লিগে আল ফাতেহকে ২-০ গোলে হারিয়েছে আল নাস্র। ৭৮তম মিনিটে পরের গোল করে ব্যবধান বাড়ান আল ইয়াহিয়া। এরমধ্য দিয়ে লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে সিআর সেভেনের আল নাস্র।
এই গোল নিয়ে এবারের লিগে ১৯ ম্যাচে রোনালদোর গোল ১৮টি। তার ওপরে থাকা আল-আহলির ইংলিশ ফরোয়ার্ড আইভন টোনির গোল ২০টি।

লিগে আল নাস্রের সবশেষ দুই ম্যাচে খেলেননি রোনালদো। মাঠে থেকে তার এই দূরে থাকাকে সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছে ধর্মঘট বলে! এর পেছনে নানা কারণের কথাও চাউর হয়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফার্মের নানা কার্যক্রমে তিনি বিরক্ত ও অসন্তুষ্ট বলে জানা গেছে খবরে।
বিশেষ করে, তাদের মূল প্রতিদ্বন্দ্বী আল-হিলালে বিনিয়োগ ক্রমেই বাড়াচ্ছে পিআইএফ এবং একের পর এক ফুটবলার কিনছে তারা, সেই অনুযায়ী আল-নাস্র বঞ্চিত হচ্ছে বলেই মনে করছিলেন পর্তুগিজ তারকা। এছাড়া নিজেদের ক্লাব পরিচালনার নানা দিক নিয়েও প্রশ্ন আছে অধিনায়কের।
বিতর্কের মধ্যেই আল নাস্রে রোনালদোর অবদানের কথা উল্লেখ করেই তাকে সর্তক করে দেয় সৌদি লিগ কর্তৃপক্ষ। পরে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, রোনালদোর মূল দাবিগুলো মেনে নিয়েছে পিআইএফ। বিশেষ করে, আল নাস্রের পাওনা পারিশ্রমিক শোধ করা হয়েছে এবং ক্লাবের শীর্ষ নির্বাহীদের ব্যবস্থাপনার স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া হয়েছে। এতেই আপাতত মাঠে ফেরানো গেছে সিআর সেভেনকে।
এসব ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি রোনালদো। ম্যাচের পর সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আরেকটি ধাপ সামনে, চলো এগিয়ে যেতে থাকি।’