বিদ্যুৎ সাশ্রয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও এসির ব্যবহার কমিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারেও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সকালে প্রধানমন্ত্রী অফিসে গিয়ে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন। এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এসির এই মাত্রায় বিদ্যুৎ খরচ কম হয়।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এছাড়াও প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপনী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরে সূর্যের আলোর ব্যবহার করার পরামর্শও দিয়েছেন তিনি।