মদের ১৪ বোতলসহ আটকের খবর মিথ্যা দাবি মেহজাবীনের

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ মেহজাবীন চৌধুরী আটক হয়েছিলেন—এমন খবর চাউর হয়েছে কিছু গণমাধ্যমে। প্রতিবেদনে দাবি করা হয়, সে সময় তার সঙ্গে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন। অভিযোগ উঠে যে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেয়। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার মুখে পড়েন এই জনপ্রিয় অভিনেত্রী।
তবে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি দাবি করেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে তার মানহানি করার চেষ্টা চালাচ্ছে।
মেহজাবীন তার পোস্টে লিখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”
অভিনেত্রী বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও বর্তমানে শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে নারী শিল্পীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
নিজের অবস্থান পরিষ্কার করে মেহজাবীন আরও বলেন, তিনি কেবল তার পেশাগত কাজ নিয়েই এগিয়ে যেতে চান। বিতর্ক নয়, বরং তার সৃজনশীল কাজগুলোই যেন আলোচনায় থাকে—ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এটাই তার প্রত্যাশা।

















