ভোটার স্লিপ বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ করছিলেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, স্লিপ বিতরণের আড়ালে টাকা লেনদেন করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং দ্রুত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয় মাঠপাড়া মসজিদের সামনে জামায়াতের বাদিয়াখালী ইউনিয়ন সভাপতি শামিউল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের তীব্র কথা কাটাকাটি হয়। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী এগিয়ে আসেন। তারা উভয় পক্ষকে শান্ত করেন এবং ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অবহিত করেনি। এমনকি এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত বা মৌখিক অভিযোগও পাওয়া যায়নি।

















