ভিপি নুরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, দোকানসহ পুড়ে ছাই

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। এতে নুরের নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানও ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত। নুরের সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারীরা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত। তবে হাসান মামুনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এটি সাজানো ঘটনা এবং নুরের সমর্থকরা নিজেরাই এই কাণ্ড ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নুরের সমর্থকরা এই হুমকির ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















