রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন উইঙ্গার।
গেল মঙ্গলবার লিসবনে শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন ভিনিসিয়াস জুনিয়র। খেলা বন্ধ থাকে তখন ১০ মিনিটের বেশি সময়। ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে দাবি করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়াসকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।
পরদিনই ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানায় উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সোমবার এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে শাস্তির কথা জানায়।
তবে তদন্ত এখনো চলমান। শেষে আরও শাস্তি দেওয়া হতে পারে ২০ বছর বয়সী এই ফুটবলারকে। অভিযোগ প্রমাণ সাপেক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে কমপক্ষে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
ফিরতি লেগে বুধবার রিয়ালের মাঠে খেলবে বেনফিকা। প্রথম লেগে ভিনিসিয়াসের একমাত্র গোলে জিতে এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা।