ভারত-সাউথ আফ্রিকা ফাইনালের সমীকরণ মেলাচ্ছেন ম্যাকগ্রা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠলেও টুর্নামেন্টে এখনও সেরা ফর্মে দেখা যায়নি ইংল্যান্ডকে। ভারতও সেমিতে পৌঁছেছে। তবে দুই দলের লড়াইয়ে ভারতকে এগিয়ে রাখছেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। আর ভারতের বিপক্ষে ফাইনালের লড়াইয়ের জন্য তার পছন্দ সাউথ আফ্রিকা। গত আসরের মতো এবারও ভারত-সাউথ আফ্রিকার ফাইনাল লড়াই হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার।
চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে ম্যাকগ্রা বলেন, ইংল্যান্ড সেরা ছন্দ খুঁজে না পেলে এবং ভারত নিজেদের স্বাভাবিক খেলা খেললে, এবারও দেখা যাবে একই চিত্র।
‘ইংল্যান্ড বিপজ্জনক দল। নিজেদের দিনে সত্যিই জ্বলে উঠতে পারলে যেকোনো কিছু করতে পারে তারা। তবে এবার তারা কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। নেপালের উচিত ছিল তাদেরকে হারানো। ইতালির বিপক্ষে ম্যাচটিও হাড্ডাহাড্ডি হয়েছে। তবে তারা জয়ের পথ খুঁজে নিয়েছে। সম্ভবত এটাই তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে, সেমি-ফাইনালের জন্য তারা সেরা অবস্থানে পৌঁছেছে’ বলেন ম্যাকগ্রা।
ম্যাকগ্রার ভাষায়, ‘টুর্নামেন্ট জুড়ে ভারত যেভাবে খেলেছে এবং ইংল্যান্ড যেভাবে খেলেছে, মুখোমুখি দেখায় একই ধারায় খেললে ভারতের ফাইনালে যাওয়া উচিত। ফাইনালের জন্য আমি সাউথ আফ্রিকা ও ভারতকে বেছে নেব।’
বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা একমাত্র অপরাজিত দল সাউথ আফ্রিকা। গত বিশ্বকাপেও অপরাজিত থেকে ফাইনাল খেলেছিল তারা। টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের এমন দাপট দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান গ্রেট।
‘কয়েক বছর আগে তারা বলেছিল, ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেবে। এখন তাদের ভালো মারকুটে ব্যাটসম্যান আছে এবং বোলিং আক্রমণও ভালো’ যোগ করেন অজি পেসার।
সাউথ আফ্রিকার বিপক্ষে এবার গ্রুপ পর্বেই দেখা হয়েছিল নিউ জিল্যান্ডের। সেখানে পাত্তাই পায়নি তারা। ম্যাকগ্রার মতে, প্রোটিয়াদের সামনে এলেই কী যেন হয়ে যায় কিউইদের!
‘সাউথ আফ্রিকার মুখোমুখি হলে নিউ জিল্যান্ডের কিছু একটা হয়। প্রোটিয়ারা সবসময়ই দাপটে জিতে যায়, আমি জানি না কেন এমন হয়।’
ভারতের বোলিং আক্রমণ নিয়েও বিশ্লেষণ করেছেন ম্যাকগ্রা। বিশেষ করে, জাসপ্রিত বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বলেছেন, বড় ম্যাচে বড় কিছু করতে পারেন এই পেসার।
‘প্রথমত, টস জেতা এবং এরপর কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা গুরুত্বপূর্ণ। ভারতের বোলিং আক্রমণ ভালো। আর্শদিপ সিং ভালো করছে এবং বুমরাহ তো মানসম্মত।’
‘আর্শদিপ সম্ভবত ভারতীয় বোলারদের মধ্যে ছন্দে আছে, তবে বুমরাহ বড় ম্যাচের ক্রিকেটার। অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের ক্রিকেটাররা নিজেদের সেরাটা বের করে আনে। বলছি না যে সাধারণ ম্যাচে মনোযোগ থাকে না, তবে বড় ম্যাচ, বড় মুহূর্তগুলো তারা পছন্দ করে। গুরুত্বপূর্ণ ম্যাচে সব সময়ই বুমরাহর ওপর আমার পূর্ণ আস্থা থাকে। আমি তার বড় ভক্ত।’
বুধবার কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা। এর পরদিন লড়বে ভারত ও ইংল্যান্ড। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও সাউথ আফ্রিকা। ব্রিজটাউনের সেই ম্যাচে প্রোটিয়াদের হৃদয় ভেঙে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
এবার দল হিসেবে ইংল্যান্ডও বেশ শক্তিশালী তবে এখনো পর্যন্ত নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেনি তারা। নবীন দল নেপালের বিপক্ষেই হারতে বসে রক্ষা পেয়েছে। পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। এরপর আর কোনও ম্যাচ হারেনি ইংলিশরা।
ভারত অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। সুপার এইটের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। এরপর ঘুরে দাঁড়িয়েছে, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত।
গত বিশ্বকাপের সেমি-ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। ওই লড়াইয়ে ইংলিশদের ৬৮ রানে হারিয়েছিল রোহিত শর্মারা।

















