ভারত সফরে থাকলেও এআই সম্মেলনে ভাষণ দিচ্ছেন না মাইক্রোসফট প্রতিষ্ঠাতা

ভারত সফরে থাকা সত্ত্বেও বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ তার নির্ধারিত মূল বক্তব্য (কি-নোট অ্যাড্রেস) বাতিল করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম আসার পর সৃষ্ট বিতর্কের রেশ কাটতে না কাটতেই গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তার ১২ মিনিটের একটি নির্ধারিত ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিল গেটস সম্মেলনে বক্তব্য দেবেন না।
বিল গেটস সম্মেলনে উপস্থিত না হওয়ার বিষয়ে গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, “সব দিক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।”
বিশ্লেষকদের মতে, সম্প্রতি প্রকাশিত মার্কিন আদালত ও বিচার বিভাগের নথিতে (এপস্টাইন ফাইল) বিল গেটসের সাথে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সম্পর্কের বিষয়ে নতুন তথ্য উঠে আসায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই বির্তক যাতে সম্মেলনের মূল উদ্দেশ্য এবং এআই সম্পর্কিত গুরুত্বপুর্ণ আলোচনাকে ম্লান না করে দেয়, সে কারণেই গেটস সরে দাঁড়িয়েছেন।
বিল গেটস সরাসরি সম্মেলনে বক্তব্য না রাখলেও গেটস ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সেখানে সংস্থার প্রতিনিধিত্ব করবেন। ফাউন্ডেশনটি জোর দিয়ে বলেছে যে, ভারতের স্বাস্থ্য ও উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা অর্জনে তারা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
নয়াদিল্লির ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ছাড়াও গুগল প্রধান সুন্দর পিচাই এবং ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদরা উপস্থিত রয়েছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

















