ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল কেন্দ্র থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এই জ্বালানি তেল ডিপোতে এসে পৌঁছায়।
পার্বতীপুর ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো ধরনের কারিগরি সমস্যা ছাড়াই বৃহস্পতিবার রাতের মধ্যে পাম্পিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং প্রক্রিয়া শুরু হয়েছিল।
ডিপো সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে একই পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ গত মাসের তুলনায় চলতি মাসে জ্বালানি আমদানির পরিমাণ বেড়েছে।
জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এই ফ্রেন্ডশিপ পাইপলাইন উত্তরবঙ্গের ১৬ জেলায় নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি আমদানি করায় পরিবহন খরচ ও সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি জ্বালানি মজুত ব্যবস্থাও শক্তিশালী হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত এই সরবরাহের মাধ্যমে সেচ মৌসুম ও পরিবহন খাতে ডিজেলের চাহিদা মেটানো সহজ হবে।