ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন।
বুধবার (৩ জুন) সকালে দিল্লির হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই মূলত চিকিৎসার জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে দিল্লির ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সন্দেহ করলেও, বর্তমানে বিদ্যুতের শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথমে ধারণা করা হয়েছিল পাশের একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে, তবে পুলিশ পরে নিশ্চিত করে যে আগুনের সূত্রপাত হোটেল ভবনের ভেতরেই হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, হোটেলটির মাত্র ছয়টি কক্ষের অনুমোদন থাকলেও সেখানে অবৈধভাবে প্রায় ২৫টি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ফলে সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা, তা নিয়ে চরম বিতর্ক ও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির লাইসেন্স, অনুমোদন ও অগ্নিনিরাপত্তা সনদ গভীরভাবে যাচাই করা হচ্ছে।