১৯৮৪ সাল। ইসরায়েলে মূল্যস্ফীতি বছরে ৪০০ শতাংশের বেশি। মানুষ জানুয়ারিতে যে রুটি কিনতেন, ডিসেম্বরে তার দাম হয় চার গুণ। দোকানের তাক ফাঁকা, মানুষ ডলার জমাচ্ছে, ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। অনেকেই ভাবছিল, দেশটা বুঝি ব্যর্থ রাষ্ট্র হতে চলেছে।
অথচ সেই আজ ইসরায়েলই সাইবার নিরাপত্তা, এআই, বায়োটেক আর কৃষিপ্রযুক্তিতে বিশ্বসেরাদের অন্যতম। মাথাপিছু আয় ছাড়িয়ে গেছে ফ্রান্স, জাপান, এমনকি যুক্তরাজ্যকেও। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেয়েও ছোট দেশটি কীভাবে এটি সম্ভব করল?
সেই গল্পের শুরুটা ১৯৭০-এর দশক থেকে। যুদ্ধ, প্রতিরক্ষা ব্যয়, বিপুল সরকারি খরচ, বাজেট ঘাটতি আর দুর্বল অর্থনৈতিক নীতির চাপে ইসরায়েলের অর্থনীতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছিল। সরকারি নিয়ন্ত্রণ ছিল অর্থনীতির বড় অংশে। ভর্তুকি, নিয়ন্ত্রিত দাম আর বিভিন্ন খাতে রাষ্ট্রের আধিপত্য অর্থনীতিকে ক্রমশ চাপে ফেলছিল।
একপর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, ১৯৮৪ সালে মূল্যস্ফীতি ৪০০ শতাংশেরও বেশি ছিল। ব্যাংকিং খাতেও দেখা দেয় বড় সংকট। এরপর আসে ১৯৮৫ সালের ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কার।
সে সময় দেশটির সরকার একসঙ্গে কয়েকটি কঠিন সিদ্ধান্ত নেয়। সরকারি ব্যয় কমানো, ভর্তুকি কাটছাঁট করা, মজুরি ও পণ্যের দাম সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে বাজেট ঘাটতি মেটাতে নির্বিচারে টাকা ছাপানোর নীতি থেকে সরে আসে সরকার।
পুরোনো শেকেলের পরিবর্তে চালু হয় নতুন শেকেল। এই পদক্ষেপগুলো একদিকে যেমন কঠিন ছিল, অন্যদিকে অর্থনীতিতে ফিরিয়ে আনে আস্থা। অল্প সময়ের মধ্যেই মূল্যস্ফীতি কয়েকশ শতাংশ থেকে নেমে আসে ২০ শতাংশের নিচে।
শুধু সংকট সামাল দিয়েই থেমে থাকেনি ইসরায়েল। তারা পরবর্তী বাজি ধরেছিল মানুষের মেধার ওপর। প্রযুক্তি শিক্ষা, গবেষণা, সামরিক প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেয় তারা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নব্বইয়ের দশকে বিপুলসংখ্যক বিজ্ঞানী, প্রকৌশলী ও শিক্ষিত অভিবাসী ইসরায়েলে আসে। যা দেশটির প্রযুক্তি খাতে নতুন গতি আনে।
এরপর ১৯৯৩ সালে আসে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ইয়োজমা। সরকার ভেঞ্চার ক্যাপিটাল খাতে বিনিয়োগ করে বিদেশি ও বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করে। সরকারি অর্থের সঙ্গে বেসরকারি বিনিয়োগ যুক্ত করে গড়ে তোলা হয় নতুন স্টার্টআপের পরিবেশ।
ফলে উদ্যোক্তারা পেতে শুরু করেন বিনিয়োগ, আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্যবসা বড় করার সুযোগ। পানি সংকট থেকে ড্রিপ ইরিগেশন ও ডিস্যালিনেশন প্রযুক্তি, নিরাপত্তা চ্যালেঞ্জ থেকে সাইবার প্রযুক্তি, আর গবেষণা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভিন্ন সংকটকে তারা পরিণত করেছে নতুন উদ্ভাবনের সুযোগে।
আজ ইসরায়েলের অর্থনীতিতে প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির বহু প্রতিষ্ঠান বিশ্ববাজারে কাজ করছে, আর গবেষণা ও উন্নয়নে বিনিয়োগও বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক সম্পদ কিংবা দেশের আয়তনই অর্থনৈতিক সাফল্যের একমাত্র নির্ধারক নয়। সঠিক নীতি, অর্থনৈতিক শৃঙ্খলা, দক্ষ মানবসম্পদ, গবেষণা এবং উদ্যোক্তাদের সুযোগ, এসবও একটি দেশকে বদলে দিতে পারে।
সংকটেও সাহসী সংস্কার পথ বাতলে দিতে পারে। দেশের সম্পদ মাটির নিচে নয়, মানুষের মাথায়। আর বড় হওয়ার চেয়ে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো: আমরা কি আমাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে পারব?