বৈভব সূর্যবংশী কি আগামীর ক্রিকেট বিশ্বকে শাসাতে এলেন?

ভারতীয় ক্রিকেটের তুরুপের তাস বৈভব সূর্যবংশী আগামীর বিশ্বকে শাসাতে এলেন? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রান করে তারই যেন ইঙ্গিত দিলেন এই ক্ষুদে জাদুকর! ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে তুলোধুনো করেছে ছাড়লেন বোলারদের। বিশ্বকাপ ফাইনালে তার মহাকাব্যিক ইনিংসটি ছিল রেকর্ডে ভরা। তার ব্যাটে ভর করেই ভারত তুলেছে ৪১১ রান।
সূর্যবংশীর ১৭৫ রানের ইনিংসটি যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ডটি ছিল এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে সামির মিনহাসের ১৭২ রান। এটি ছেলে ও মেয়েদের সিনিয়র ও জুনিয়র, যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অ্যালিসা হিলি করেছিলেন ১৭০ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন সূর্যবংশীর। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ বাওয়ারের ১৬২ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ১৭৫ রান যুব ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০২ সালে আম্বাতি রাইডুর ১৭৭ রানের স্কোর ভারতের হয়ে সর্বোচ্চ।
১৭৫ রানের ইনিংসে সূর্যবংশী ১৫টি ছক্কা হাঁকিয়েছেন, যা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ ১৪টি ছক্কা ছিল তারই। সূর্যবংশী পাঁচবার যুব ওয়ানডেতে ১০ বা তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন। অন্য সব ব্যাটসম্যান মিলিয়ে এই কীর্তি হয়েছে মাত্র তিনবার।
এই ইনিংসে সূর্যবংশী বাউন্ডারি থেকেই করেছেন ১৫০ রান। এরমধ্যে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ২০১৮ সালে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার ১২৪ রান। আজ মোট ৩০টি বাউন্ডারি মারেন সূর্যবংশী, যা এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। বয়াগোদাও তার ১৯১ রানের ইনিংসে সমান বাউন্ডারি মেরেছিলেন।
১৫০ রান পূর্ণ করতে সূর্যবংশীর লেগেছে ৭১ বল, যা যুব ওয়ানডেতে দ্রুততম। এর আগে এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ৮৪ বলে করা ১৫০ ছিল তারই রেকর্ড।
৫৫ বলে করা সূর্যবংশীর সেঞ্চুরিটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম সেঞ্চুরিটি ছিল এই আসরেই জাপানের বিপক্ষে উইল মালাইজচুকের ৫১ বলে।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২৫ ইনিংসে সূর্যবংশীর ছক্কা সংখ্যা ১১০। দ্বিতীয় স্থানে থাকা জাওয়াদ আবরারের (৫৫) দ্বিগুণের বেশি। এই সংস্করণে আর কেউ ৪০ ছক্কার কাছেও নেই। এর মধ্যে ৩০টি ছক্কা এসেছে এই বিশ্বকাপে। ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন বৈভবের। আগে এক আসরে সর্বোচ্চ ছিল ২০২২ সালে ডেভাল্ড ব্রেভিসের ১৮টি। ফিন অ্যালেনও ২০১৬ ও ২০১৮ মিলিয়ে ১৮ ছক্কা মেরেছিলেন।
যুব ওয়ানডেতে সূর্যবংশীর মোট রান ১৪১২, যা সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে তাঁর রান ৪৩৯, যা এই আসরের সর্বোচ্চ। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের রেকর্ডটি শিখর ধাওয়ানের, ২০০৪ সালে তিনি করেছিলেন ৫০৫ রান।

















