বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার পপতারকা ব্রিটনি স্পিয়ার্স

নিজের বিএমডাব্লিউ গাড়ি বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ব্রিটনির বিএমডাব্লিউ গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল এমন অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। গাড়ি থামানোর পর কর্মকর্তারা দেখেন যে, তার মধ্যে মাদক বা অ্যালকোহলের প্রভাবের লক্ষণ আছে এবং তাকে কয়েকটি ফিল্ড সোবরাইটি টেস্ট দিতে হয়।
রক্ত পরীক্ষার জন্য তাকে অল্প সময়ের জন্য একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছিল, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
এরপর বৃহস্পতিবার ভোরে দিকে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।
তার প্রতিনিধি বলেন, ব্রিটনি আইনের প্রতি সম্মান জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন এবং পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি। ঘটনার পর তার গাড়িটি জব্দ করা হয়েছে। জেল নথিতে তার পেশা হিসেবে লেখা হয়েছে সেলেব্রিটি।
গ্রেপ্তারের খবর প্রকাশের পর ব্রিটনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন বলে জানা গেছে।
পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে সফল শিল্পীদের একজন ব্রিটনি স্পিয়ার্স। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর সংগীত শিল্পে ফিরবেন না। তার সর্বশেষ গান ছিল ২০২২ সালে এলটন জনের সঙ্গে একটি ডুয়েট।

















