বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও পরে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১২টা ২২ মিনিটে প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসাবের শপথ নেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিতরা।
সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।
জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সামনের সারিতে জামায়াত আমির শফিকুর রহমান, এটিএম আজহার, নায়েবে আমির মুজিবুর রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত রুমিন ফারহানাকে দেখা গেছে।
তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নেওয়ার পর শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন নবনির্বাচিত সদস্যরা।
এরপর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ পর্ব। এ দফায় শপথ পাঠ না করেই শপথকক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেন।
জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করেন ১২টা ২৭ মিনিট।
বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর মত তাদের জোট শরিক এনসিপিও বেঁকে বসেছিল। শেষ পর্যন্ত তারাও শপথ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।