বুমরাহ ‘ম্যাজিকের মন্ত্র’ শেখালেন মোহাম্মদ কাইফ

সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খাওয়ার পর ভারতে চলছে নানা আলোচনা। বর্তমানে টিম ইন্ডিয়ার সাথে জড়িতরা যেমন দলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন, বলছেন সাবেকরাও।
সেই পরাজয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘৭ থেকে ১৫ ওভার পর্যন্ত ওরা দুর্দান্ত ব্যাট করেছে।’
যাদবের এই মন্তব্য নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ। তিনি প্রশ্ন তুলেছেন- ওই সময়ে কেন এক ওভারও কাজে লাগানো হয়নি জাসপ্রিত বুমরাহকে?
ভারতের সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, সাবেক অধিনায়ক রোহিত শর্মা যেভাবে বুমরাহকে কাজে লাগাতেন, সেভাবে পারছেন না অধিনায়ক যাদব।
আহমেদাবাদে রোববারের ওই ম্যাচে ২০ রানে ৩ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৭ রান করার পর ৭৬ রানে ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা।
এমন ম্যাচেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরাহ। নিজের প্রথম দুই ওভারে ফেরত পাঠান বিপজ্জনক দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে।
ইনিংসের চতুর্থ ওভারের পর আবার তাকে আনা হয় ১৭ ও ১৯তম ওভার। সেই দুই ওভারেও দুর্দান্ত বোলিং করে মাত্র আট রান দিয়ে করবিন বশের উইকেট নেন এই পেসার।
তবে মাঝের সময়টাতে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালায় প্রোটিয়া ব্যাটাররা। ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আসে ১০৩ রান!
সেই ম্যাচের নানান দিক নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মোহাম্মদ কাইফ। বলেছেন, ভারতের সেরা বোলার লম্বা সময় বোলিংয়ে না থাকার ফায়দা নিয়েছে প্রোটিয়ারা।
‘আমরা ম্যাচ হেরেছি ৭ থেকে ১৫ ওভারের মধ্যে। অধিনায়ক সূর্যকুমার বুমরাহকে শুরুতে দুটি ওভার বোলিং করিয়েছে এবং বাকি দুটি রেখে দিয়েছে শেষের জন্য। রোহিত শর্মা কখনও বুমরাহকে এভাবে ব্যবহার করেনি। রোহিত মাঝের ওভারগুলোতে বুমরাহকে একটি ওভার বোলিংয়ে আনতো জুটি ভাঙার জন্য। এবার তার দুই স্পেলের মধ্যে বিশাল বিরতি পড়ে গেছে।’
শুধু ভুল ধরেই থামলেন না কাইফ। পরবর্তী সময়ে বুমরাহর স্পেলগুলো কোন সময়ে হওয়া উচিত, সেটির পরামর্শও দিলেন।
বললেন, ‘ভারতীয় দলে বুমরাহর চেয়ে বড় ম্যাচ জেতানো ক্রিকেটার আর নেই। তাকে পাওয়ার প্লেতে এক ওভার ব্যবহার করতে হবে। এরপর একাদশ বা দ্বাদশ ওভারে আবার বোলিংয়ে আনতে হবে।’

















