বিদেশিদের হাতে চট্টগ্রামের এনসিটি, প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি

‘৩২ বছর ধরে বন্দরে চাকরি করছি। এ রকম চেয়ারম্যান দেখিনি। গত দেড় বছরে তিনি আমাদের নানাভাবে হয়রানি করেছে। দেখা করতে গেলে পারি না। আমরা চেয়ারম্যানের অপসারণ চাই।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্দরের ৪ নম্বরে ফটকের বাইরে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে পেয়ে এভাবেই নিজেদের ক্ষোভের কথা বলছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন।
চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলন নিরসনে সেখানে গিয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিন সকালে চট্টগ্রাম বন্দর আসেন উপদেষ্টা।
সাখাওয়াত হোসেন বন্দর থেকে বের হওয়ার সময় ৪ নম্বর ফটকের বাইরে আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলব। গত দেড় বছর আপনাদের সাথে কাজ করছি। আমি আপনাদের কথা শুনব। আপনাদেরও আমার কথা শুনতে হবে।’
এরপর উপদেষ্টা বন্দর ভবনে যান এবং সেখানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
পরে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, ‘আমরা উপদেষ্টাকে আমাদের দাবির কথা বলেছি। বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছি। তিনি আমাদের সাথে বৈঠক করবেন।’
লাগাতার কর্মবিরতির কারণে বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটেনি। সকাল থেকে বন্দর দিয়ে কোনও কনটেইনার প্রবেশ করেনি, জাহাজীকরণও হয়নি, পণ্য ডেলিভারিও বরাবরের মতো বন্ধ আছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে শনিবার থেকে কর্মবিরতি চলছে সেখানে।
প্রথম তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে আন্দোলনকারীরা অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন।

















