বিডিআর বিদ্রোহের তদন্তে স্বাধীন কমিশন ও পুলিশি সংস্কারে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য উদ্ঘাটনে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে ২০০৬ সালে নিয়োগ বঞ্চিত সাব-ইন্সপেক্টরদের আদালতের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল এবং বিগত সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিলের ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনাটি জাতির জন্য একটি ক্ষত। এই ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। কমিশনের দাখিল করা রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত ন্যায়বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার। এ ছাড়া, ২০০৬ সালে রাজনৈতিক কারণে নিয়োগ বঞ্চিত হওয়া সাব-ইন্সপেক্টরদের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের পুনরায় চাকরিতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা নিশ্চিত করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে কঠোর বার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজনৈতিক হোক বা সামাজিক—কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, পুলিশের ওপর কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশি কার্যক্রমে যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বাহিনীর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে জনমনে থাকা উদ্বেগের বিষয়ে মন্ত্রী জানান, ওই সময়ে দেওয়া সকল অস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই-বাছাই বা ভেরিফাই করা হবে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না এবং সেগুলো কার কাছে আছে, তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

















