বিদায়ী এপ্রিল মাসে দেশের সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, বিপুল পরিমাণ তৈরি পোশাক, কসমেটিকস, মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও গরু, মহিষ, সার, চিনি এবং ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, অভিযানে ৬টি দেশি-বিদেশি পিস্তল, গোলাবারুদ, মাইন, মর্টার শেল ও হাত বোমা উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার ও গাঁজা জব্দ করা হয়। পাচারে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ৫৪৫ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।