দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন। তিনি সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ফাতেহা পাঠ করে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ। ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম।
এছাড়াও শ্রদ্ধা জানান- বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক, কেন্দ্রীয় নেতা শাহ মো. নেসারুল হক, আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি, সংসদ সদস্য মীর শাহে আলম, হাবিবুর রশীদ হাবিব, এস এম জাহাঙ্গীর, যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, উলামা দলের কাজী মো. সেলিম রেজা, মাওলানা কাজী মো. আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন জাকির, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা সেখানে শ্রদ্ধা জানান। নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ বিভিন্ন স্লোগানে মুখর রাখেন শেরেবাংলা নগর সমাধি প্রাঙ্গণ।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (অ্যাব), ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাসহ (জাসাস) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানান।
এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ ছাড়া রয়েছে রাজধানীতে আলোচনা সভা রয়েছে ৫ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়, যার প্রথম চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।
বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর দেশ পরিচালনা করছে দলটি; আর প্রথমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান তারেক রহমান।