রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন।
রোববার সকাল ১১টায় কার্যক্রম পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। এসব সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ আবাসিক এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরে তিনি উত্তরা ১৫নং সেক্টর লেকে স্থানীয় নেতাকর্মীদের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শফিকুর রহমান। কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।