মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে চলমান সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য আজ ১৫ সদস্যের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক— তারকা ব্যাটার বাবর আজমের অনুপস্থিতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাবর আজমকে এই সফরের পরিকল্পনা থেকে বাদ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে পেসার শাহীন শাহ আফ্রিদির কাঁধে। দলে অভিজ্ঞ হিসেবে থাকছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার হারিস রউফ এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা।
তরুণদের জয়জয়কার। পেছনে রয়েছেন নতুন ৬ জনের মুখ। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এবারের স্কোয়াডে ছয়জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পিসিবি। তারা হলেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, ফয়সাল আকরাম, শামিল হুসেন, সাদ মাসুদ।
উল্লেখ্য, সাহিবজাদা ফারহান সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে পাকিস্তান বিদায় নিলেও তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮৩ রান)। এছাড়া এ বছর রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল শিরোপাও জিতেছেন এই ব্যাটার। অন্যদিকে, সামাদ, মাসুদ ও শামিলরা সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে নিজেদের প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন।
আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের সময়সূচি: ১ম ওয়ানডে: ১১ মার্চ, ২য় ওয়ানডে: ১৩ মার্চ, ৩য় ওয়ানডে: ১৫ মার্চ।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড থাকছেন শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সামিল হুসেন, সাদ মাসুদ, গাজী ঘোরি, সালমান আলী আগা, হুসেন তালাত ও হারিস রউফ।