‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজান সালমান খানকে মুখোমুখি আনতে চেয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার সেই মেগা প্রজেক্ট আপাতত অনিশ্চয়তার মুখে। মূলত আকাশচুম্বী বাজেটের কারণেই প্রি-প্রোডাকশন পর্যায়ে স্থগিত করা হয়েছে ছবিটির কাজ।
সূত্রের খবর, দুই সুপারস্টারের পারিশ্রমিক এবং আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অ্যাকশন দৃশ্যের খরচ মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে যশরাজ ফিল্মস। শাহরুখ ও সালমানের সম্মিলিত পারিশ্রমিকই ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। সব মিলিয়ে ছবির সম্ভাব্য বাজেট ৩০০ কোটি রুপির গণ্ডি পার করায় বর্তমান বাজার পরিস্থিতিতে একে বড় ঝুঁকি মনে করছে প্রযোজনা সংস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরে হতাশ অনুরাগীরা। অনেকের মতে, এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখার সুযোগ হারানো হবে একটি ‘ঐতিহাসিক মিস’। তবে প্রযোজকরা আপাতত হিসেবি পথে হাঁটতেই পছন্দ করছেন।
প্রকল্পটি পুরোপুরি বাতিল না হলেও, সঠিক বাজেট ও বাজার পরিস্থিতির অপেক্ষা করছে স্টুডিও। আপাতত বড় পর্দার এই ঐতিহাসিক লড়াই দেখার জন্য দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।