
বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ফাতেমা (৭) নামে এক শিশু।
সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় দিঘির মহিলা ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা ওই ঘাট এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে এবং সে মায়ের সঙ্গেই মাজারে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোসল করার সময় হঠাৎ একটি কুমির ফাতেমাকে আক্রমণ করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয় লোকজন ইট-পাটকেল ছুড়ে এবং দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে কুমিরটি শিশুটিকে দ্রুত দিঘির গভীর পানির ভেতরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ হওয়ার পর দিঘির বিভিন্ন স্থানে তিনবার শিশুটিকে ভাসতে দেখা গেলেও এরপর আর তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।