বাংলাদেশে গণতন্ত্রের সূচনা করার প্রত্যাশা তারেক রহমানের

বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তারেক রহমান এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে ঢোকেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা ইসলাম। ভোটদান শেষে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রার্থী। এছাড়াও তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন।

নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী তারেক রহমান বলেন, তার দল বিজয়ী হলে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য, যাতে সমগ্র দেশের সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন।

এসময় নারীদের উন্নয়ন নিয়ে কথা বলেন তারেক রহমান। জানান, ‘বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারব না। কাজেই আমরা আমাদের মেনিফেস্টোসহ বিভিন্ন সময় যেগুলো বলেছি, নারীদেরকে মূল্যায়ন করার জন্য, আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হলে প্রথমদিন থেকে এ বিষয়ে কাজ শুরু করব।’

















