বাংলাদেশে ওয়ান-ওয়ান ফাউন্ডেশনের যাত্রা শুরু

বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট্। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী, প্রবীণ রাজনীতিক নাজিম উদ্দীন আল আজাদ। ওয়ান- ওয়ান ফাউন্ডেশন চেয়ারম্যান রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. আজিজুল্লাহ্ এম. নুরুজ্জামান, লে. ক. আবু ইউসুফ জোবায়ের উল্লাহ্, এ্যাডভোকেট মো. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আজম, ওয়ান- ওয়ান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পরিচালক জান্নাতুল ফেরদৌসী ও ড. নাহিদ আফরিন নিসাসহ আরও অনেকে। বক্তারা ঐক্য প্রতিষ্ঠা করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে তরুণদের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা বলেন, ওয়ান-ওয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করলো।
প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা, স্বাক্ষরতা, অধিকার সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু, পরিবেশ সংরক্ষণ ও মানবসম্পদ নিশ্চিত করতে ধারাবাহিক কাজ করবে।

এছাড়াও নাগরিক অধিকার ও আইনী সচেতনতা তৈরি, বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা, যুব সমাজের নৈতিকতা, নেতৃত্ব ও দক্ষতা ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য জ্ঞান, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং উন্নয়ন গবেষণার মাধ্যমে নীতি নির্ধারণী সহায়তা দেবে এ প্রতিষ্ঠানটি।
















