বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে দুষ্কৃতকারীদের গুলিবর্ষণ

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তারা, বাড়ানো হয় নিরাপত্তা। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়।
রোহিত শেঠি মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বসবাস করেন। এই এলাকায় অনেক বলিউড তারকার বাড়ি রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো মন্তব্য করেননি রোহিত শেঠি।
সম্প্রতি বিনোদনজগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। মামলায় দুজনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।
এছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণ করা হয়। সেই হামলার দায়ও বিষ্ণোই গ্যাং নিয়েছিল। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়। কানাডায় জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে একই গ্যাং। একইভাবে কানাডায় পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।
পাশাপাশি গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে একজনকে গ্রেফতার করা হলেও কেউ দায় স্বীকার করেনি।


















