দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রূপকার হানিফ সংকেত এবার ভূষিত হতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক-২০২৬’-এ। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাকে এই অনন্য সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রিয় বন্ধুর এমন মহত্তম অর্জনে আবেগ ধরে রাখতে পারেননি দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ।
হানিফ সংকেতের এই সাফল্যের খবর প্রচার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কুমার বিশ্বজিৎ। তিনি লিখেন, “বন্ধু, তোর ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভকামনা।” দীর্ঘদিনের পথচলায় তাদের মধ্যকার নিবিড় বন্ধুত্বের এই বহিঃপ্রকাশ মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে এবং অন্তর্জালে ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। তালিকায় সংস্কৃতি অঙ্গন থেকে একমাত্র ব্যক্তি হিসেবে ঠাঁই করে নিয়েছেন হানিফ সংকেত। কয়েক দশক ধরে তিনি শুধু টেলিভিশন অনুষ্ঠান নির্মাণই করেননি, বরং সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি দূর করতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে গেছেন।
রাষ্ট্রীয় এই স্বীকৃতির পর নিজের অনুভূতি ব্যক্ত করে হানিফ সংকেত জানিয়েছেন, এই অর্জন তার একার নয়; বরং দীর্ঘ পথচলায় যারা তাকে ভালোবেসেছেন এবং পাশে থেকেছেন, এই সম্মাননা তাদের সবার। সংস্কৃতি অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকরা মনে করছেন, হানিফ সংকেতের মতো একজন নিষ্ঠাবান ও সৃজনশীল মানুষকে স্বাধীনতা পদক প্রদান করা সরকারের একটি অত্যন্ত সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত।