ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হচ্ছে বগুড়া ও দিনাজপুর থেকে

নির্বাচনি ইশতেহারের অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে এই কার্যক্রম চালুর সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের দুই জেলা—বগুড়া ও দিনাজপুর থেকে এর পাইলট প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাভোগীদের কাছে দ্রুত সুফল পৌঁছে দিতেই এই দুই জেলাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এই দুই জেলার মোট আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রমটি শুরু হতে পারে। এই দুই উপজেলার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবং প্রায়োগিক চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করবে সরকার।
প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ খানা জরিপের তথ্য ব্যবহার করবে। ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে সরাসরি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে বিধবা, বয়স্ক এবং নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
এই উদ্যোগ সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দরিদ্রদের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

















