
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়ার পর সেখান থেকেই তিনি সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।
রিজভীর ভাষ্য, অবৈধভাবে অর্জিত ও বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তার অভিযোগ, এসব অর্থের মাধ্যমে সন্ত্রাসীদের কাজে লাগিয়ে বিভিন্ন বাড়ি ও যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন শুধু বিএনপির নেতাকর্মীরা নন, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। এ কর্মকাণ্ডের পেছনে প্রতিবেশী দেশের মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার উদ্দেশে রিজভী আরও বলেন, শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।
বিএনপির এই নেতা দাবি করেন, প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যেও ফ্যাসিবাদের অনুসারীরা এখনো সক্রিয় রয়েছে। তার অভিযোগ, এসব পক্ষের তৎপরতার কারণেই বিএনপি সরকারে থাকার পরও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।
যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।