প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন হজ ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলাপ হয়। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার নিজ দপ্তরে অফিস করতে আসেন। সচিবালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর প্রধানমন্ত্রী তার নির্ধারিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।