প্রধানমন্ত্রী কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ১০ মার্চ

১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
মূলত রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে এই কর্মসূচিটি ১০ মার্চ বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগে কোনো বিশেষ কর্মসূচি বা সফর এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, উপনির্বাচন চলায় ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতেই প্রধানমন্ত্রী ভোটের আগে সেখানে কোনো কর্মসূচি রাখেননি।

















