প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট হিসেবে মাদকবিরোধী অভিযান চলবে: আইজিপি

মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার অংশ হিসেবে রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ‘সমাজে মাদক থাকবে না’—প্রধানমন্ত্রীর দেওয়া এই অন্যতম অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে পুলিশ এখন থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।
অভিযান চলাকালীন আইজিপি গণমাধ্যমকে জানান, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। যারা রাজনৈতিক দলের আড়ালে থেকে মাদক কারবার বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে তিনি পুলিশের আধুনিকায়নের কথা উল্লেখ করে জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতই পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হবে। জনআকাঙ্ক্ষা পূরণে পুলিশকে আরও দৃশ্যমান এবং জনবান্ধব পোশাকে সাজানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যার এই অভিযানে ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন। অত্যন্ত ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের প্রতিটি অলিগলিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে এই চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ক্যাম্পে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

















