প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা সালাউদ্দীন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীন এনসিপির যুগ্ম সদস্যসচিব ছিলেন।
বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পরিদর্শক শফিকুল ইসলাম।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে পুলিশ তানভীরকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গত ২ আগস্ট একটি মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর গত ৩১ জুলাই এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তানভীরকে যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। এর সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।