ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ছিল।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে কড়া নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
বিদিশার আইনজীবীরা তার জামিনের পক্ষে জোর আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, রাজধানীর বারিধারার 'প্রেসিডেন্ট পার্ক'-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় এই মামলাটি দায়ের করেছিলেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ২০ মে আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সে সময় বিদিশা সিদ্দিক আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আজ কারাগারে পাঠানো হলো।