প্রচার শেষে ‘হাতপাখা’ প্রতীকের কর্মীকে পিটিয়ে আইফোন ছিনতাই!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষে ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনকে পিটিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিনসহ এই ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা দাবি করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে হামলার ঘটনায় আহত ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে সোহাগ সওদাগর (৩০) ও আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণা শেষে আনোয়ার হোসেন ও প্রতিবেশী হাতপাখা কর্মী মোশাররফ হোসেনকে নিয়ে চা পান করছিল। এ সময় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করে আনোয়ার হোসেনের বাম হাত ভেঙ্গে ফেলে এবং সঙ্গে থাকা একটি আইফোন মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
প্রতিবাদ সমাবেশে হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন বলেন, একটি বিশেষ মহল ও দলের কর্মীরা ভোটারদের মাঝে কালো টাকা ছড়ানোর সময় হাতপাখার কর্মীরা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে আমার নির্বাচনী কর্মী আনোয়ার হোসেন উপর বর্বরোচিত হামলা চালিয়ে ভিডিও ধারণকারীর ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার সহ হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মাঠ পর্যায়ে তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ওসি আজম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
















